পাঁচিল তোলা নিয়ে ধুন্ধুমার, প্রতিবেশীকে পিটিয়ে খুন - The News Lion

পাঁচিল তোলা নিয়ে ধুন্ধুমার, প্রতিবেশীকে পিটিয়ে খুন




দি নিউজ লায়ন ;   পাঁচিল তোলা নিয়ে গোলমালের জেরে প্রতিবেশীর হামলায় খুন হলেন অপর এক প্রতিবেশী। এই ঘটনায় আক্রান্ত দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দুই ভাইবোন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কেন্দপুকুর এলাকার কেন্দুডাঙ্গা গ্রামে। আহত দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল।


 পাশাপাশি মৃত ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে হবিবপুর থানার পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবার প্রতিবেশী হামলাকারী গণেশ সরকার , কার্তিক সরকার সহ ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিমাই বর্মন (৫০)। আহত হয়েছেন নিমাইবাবুর ভাই নিতাই বর্মন (৪৫) এবং বোন তুলসী বর্মন (৩০)। দুজনে চিকিৎসাধীন মেডিক্যাল কলেজে।


প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিমাই বর্মন তাদের বাড়ির সীমানায় পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছিলেন। আর এই পাঁচিল দেওয়া নিয়ে প্রতিবেশী গণেশ সরকারের সঙ্গে কয়েক দিন ধরেই গোলমাল চলছিল নিমাইবাবুর পরিবারের। এদিন সকালে সেই গোলমাল দুই পরিবারের মধ্যে সংঘর্ষের আকার নেই। লোহার রড দিয়ে অভিযুক্তরা নিমাই বর্মনের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 


এই ঘটনার সময় মৃতের আরো দুই ভাইবোন গুরুতর জখম হয়েছেন। মৃতের এক আত্মীয় বিনয় বর্মন জানিয়েছেন, জোরজুলুম করে অভিযুক্তরা নিমাই বর্মনের  জায়গায় পাঁচিল তুলতে বাধা দিচ্ছিল। এই নিয়েই কয়েকদিন ধরে গোলমাল চলছিল গণেশ সরকারের সঙ্গে। কিন্তু এদিন সকালে অভিযুক্তেরা দলবল নিয়ে নিমাই বর্মন ও তার পরিবারের ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে নিমাই বর্মনকে খুন করা হয়েছে। 


পুরো ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, বাড়ির জায়গায় সীমানা পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। দুই জন জখম হয়েছেন। এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হামলার ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদেরকেও খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.